
মেট্রোরেলের শেওড়াপাড়া স্টেশন থেকে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে এমআরটি পুলিশ। আটক দুজনের একজন নারী ও একজন পুরুষ। তবে তাদের নাম-পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে শেওড়াপাড়া স্টেশন থেকে তাদের আটক করা হয়। বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেন এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড অপস) মো. আবু আশরাফ সিদ্দিকী।
তিনি জানান, সম্প্রতি নিরাপত্তাজনিত কারণে প্রতিটি মেট্রোস্টেশনে চেকিং বাড়ানো হয়েছে। এ চেকিংয়ের অংশ হিসেবে শেওড়াপাড়া স্টেশনে সন্দেহজনক নারী ও পুরুষের বহন করা বড় ব্যাগ তল্লাশির সময় ব্যাগ থেকে গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, শেওড়াপাড়া স্টেশন থেকে উঠে মতিঝিল স্টেশনে নেমে গন্তব্যে পৌঁছানোর পরিকল্পনা ছিল তাদের। এর আগেও তারা দুবার মেট্রোরেলে করে গাঁজা পরিবহন করেছেন।
এমআরটি পুলিশ সুপার আক্তার কানিজ হোসেন জাহান জানান, আটক দুজনকে কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হবে।
Leave a Reply